কলকাতা- কয়েকদিন আগেই ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হল। উত্তরবঙ্গেও হয় ভারী বর্ষণ। তবে ধীরে ধীরে শীতের আমেজ যেন অনুভূত হতে শুরু করেছে।
বাতাসে শুষ্কতা বেড়েছে। পারদ নেমেছে। রাতে এবং ভোরের দিকে হালকা একটা শিরশিরানি। এরই মাঝে আবার জানা গিয়েছে, বঙ্গোপসাগরে বাংলাদেশ এবং মায়ানমার উপকূলীয় এলাকায় নতুন একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে।
আগামী কয়েকদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া? কী বলেছে আবহাওয়া অফিসের পূর্বাভাস? গতকাল কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে প্রায় ১ ডিগ্রি নীচে ছিল।
পশ্চিমের জেলাগুলিতে আবার সর্বনিম্ন পারদ ছুঁল ২০ ডিগ্রি সেলসিয়াস। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সর্বত্র আজ আবহাওয়া শুষ্কই থাকবে। কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই।
আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে বলেই আপাতত জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন পর্যন্ত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই আপাতত। শুক্রবার থেকে জেলায় জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ সরছে বাংলাদেশ উপকূলের দিকে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উত্তর পর্যন্ত বিস্তৃত এই নিম্নচাপটি। আগামী ২৪ ঘণ্টায় এই নিম্নচাপটি মায়ানমার এবং বাংলাদেশ উপকূল ঘেঁষে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেই নিম্নচাপের প্রভাব বাংলায় পড়তে পারে।
