বিশ্বকাপজয়ী রিচা ঘোষকে ডিএসপি পদে চাকরি দিল রাজ্য সরকার, শিলিগুড়ির মেয়ে পেলেন ৩৪ লাখ টাকাও

কলকাতা – প্রথম বাঙালি হিসাবে বিশ্বকাপ ক্রিকেটের ট্রফি হাতে তুলেছেন রিচা ঘোষ। এতদিন ভারতীয় ক্রিকেটের ‘ফিমেল মহেন্দ্র সিং ধোনি’ বলা হত শিলিগুড়ির এই কন্যেকে। যদিও এখন দুনিয়া তাঁকে চেনে রিচা ঘোষ নামেই।

রিচার সাফল্যে গর্বিত দেশ, গর্বিত বাংলা। শনিবার ইডেন গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষকে সংবর্ধনা জানানো হল সিএবি এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।

রাজ্যে সরকার তাঁকে বঙ্গভূষণ পুরস্কারে ভূষিত করে। পাশাপাশি ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট (DSP) হিসাবে নিযুক্ত করা হয় রিচাকে।

শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকার একটি সোনার চেইন উপহার দেয় বিশ্বজয়ী তারকাকে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল,বিশ্বকাপ ফাইনালে তার প্রতিটি রানের জন্য রিচাকে ৩৪ লাখ টাকা পুরস্কার তুলে দেয়। রিচা বাংলার প্রথম বিশ্বকাপ বিজয়ী ক্রিকেটার।

পুরো টুর্নামেন্ট জুড়ে রিচা আটটি ইনিংসে মোট ২৩৫ রান করেছিলেন , তাঁর গড় রান ৩৯.১৬, যা ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। রিচা এদিন বলেন., ‘আমি চাপ উপভোগ করি। আমি যখন নেটে ব্যাট করি, তখন আমি সময়ের দিকে নজর রাখি এবং সেই নির্দিষ্ট সময়ে আমি কত রান করতে পারি তা দেখি’। সিএবি তাঁকে সোনার ব্যাট এবং বল উপহার দেয় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গভূষণ পদক, ডিএসপি নিয়োগপত্র এবং সোনার চেন রিচার হাতে তুলে দেন।

বঙ্গভূষণ এবং বঙ্গ বিভূষণ পুরস্কার পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সর্বোচ্চ অসামরিক সম্মান, যা শিল্প, সংস্কৃতি, সাহিত্য, জনপ্রশাসন এবং জনসেবা সহ মানবিক প্রচেষ্টার বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষতা অর্জনের জন্য় বিশিষ্ট ব্যক্তিদের দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *