বাংলায় বাড়ছে মদের দাম, একটা পানীয়ের ক্ষেত্রে ছাড়! ডিসেম্বর থেকে সুরাপ্রেমীদের পকেটে টান

কলকাতা- মদের দাম বাড়তে চলেছে পশ্চিমবঙ্গে। রাজ্য সরকারের আবগারি দফতরের তরফে জানানো হয়েছে, ১ ডিসেম্বর থেকেই মদের দাম বাড়ানো হচ্ছে। সেদিন থেকেই বর্ধিত হারে মদ কিনতে হবে সুরাপ্রেমীদের।

সেদিন থেকে বাড়তি আবগারি শুল্ক কার্যকর করা হবে। স্বভাবতই দেশি-বিদেশি যাবতীয় মদের দাম বেড়ে যাবে। শুধুমাত্র বিয়ারের দাম বাড়ছে না বলে আবগারি দফতরের তরফে জানানো হয়েছে।

আবগারি দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, ৩০ নভেম্বর পর্যন্ত পুরনো দামে মদ বিক্রি করতে হবে। ডিসেম্বরের পয়লা দিন থেকে বর্ধিত দামে মদ বিক্রি করতে হবে বলে ডিস্ট্রিবিউটর এবং পাইকারি বিক্রেতাদের নির্দেশ দিয়েছে রাজ্যের আবগারি দফতর।

আর বিধানসভা নির্বাচনের মাসকয়েক আগে রাজ্য সরকারের সেই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ একগুচ্ছ সামাজিক প্রকল্প চালাতে গিয়ে রাজ্যের কোষাগারে টানাটানি চলছে বলে একাধিক মহলের তরফে দাবি করা হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে সেইসব প্রকল্প চালিয়ে যাওয়ার জন্য অর্থেরও প্রয়োজন। এমনকী বাজার থেকে ঋণ নিয়েছে বলেও দাবি করা হয়েছে একাধিক রিপোর্টে। তারই মধ্যে মদের দাম বাড়িয়ে রাজ্য সরকার চটজলদি সমাধানের পথ খুঁজল কিনা, তা নিয়ে অবশ্য আপাতত কোনও মন্তব্য করা হয়নি।

এমনিতে পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব আদায়ের অন্যতম একটা মাধ্যম হল মদ বিক্রি। বিশেষজ্ঞদের মতে, মদের দাম বৃদ্ধি পেলেও চাহিদা কমে না। সাধারণত বেশি দামেই মদ কিনতে থাকেন সুরাপ্রেমীরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *