কলকাতা- শেষমেশ বাড়ির পথে পা বাড়ালেন রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ৩ বছর ৩ মাস পর জেল মুক্তির স্বাদ পেলেন পার্থ। সোমবার বিকেলে সিবিআই বিশেষ আদালতের তরফে জানা গিয়েছিল মঙ্গলবার জেলমুক্ত হবেন বেহাল পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক। এদিন দুপুরে হাসপাতালের বাইরে বেরোতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। পাশাপাশি দীর্ঘদিন পর প্রিয় নেতাকে কাছে পেয়ে ফুল, মালা দিয়ে স্বাগত জানান ‘পার্থ-অনুগামীরা।’
এদিন দুপুর ২-২০ মিনিট নাগাদ হুইলচেয়ারে চেপে হাসপাতালের বাইরে আসেন পার্থ চট্টোপাধ্যায়। গত কয়েক মাস ধরে শারীরিক অসুস্থতার জন্য বাইপাসের ধারে এক হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ। সোমবার তাঁর জেলমুক্তির খবর সামনে আসতেই আজ সকাল থেকেই হাসপাতালের বাইরে ভিড় করেন অনুগামীরা। তিনি বাইরে আসতেই হাসপাতাল চত্বর জুড়ে স্লোগান ওঠে ‘পার্থ দা জিন্দাবাদ।’ এসব শুনে, অনুগামীদের ভিড় দেখে কান্নায় ভেঙে পড়েন প্রাক্তন মন্ত্রী। চোখের জল মুছে কোনওমতে নিজেকে সামলে সংবাদ মাধ্যমের উদ্দেশ্যে বলেন, ‘আমি কিছু বলবো না।’
উল্লেখ্য, ২০২২ সালের ২৩ জুলাই শিক্ষা নিয়োগ দুর্নীতিতে নাকতলার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল রাজ্যের পারক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সুপ্রিম নির্দেশ অনুযায়ী, সিবিআই-এর তরফে জমা দেওয়া আট জনের সাক্ষী গ্রহণ সম্পন্ন হওয়ার পর সোমবার আলিপুর বিশেষ সিবিআই আদালতের বিচারক পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্যর জেলবন্দি থাকার প্রয়োজন নেই। বিচারকের এই নির্দেশের পর আদালতের পক্ষ থেকে এই সংক্রান্ত নথি পৌঁছোয় প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে। সেখান থেকে নথি যায় হাসপাতালে। তারপরই শুরু হয় জেলমুক্তির প্রক্রিয়া।
