কলকাতা- কখনও বান্ধবী, কখনও প্রেমিকা, কখনও ভাইঝি, গত সাড়ে তিন বছরে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের সম্পর্কের নামকরণ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে।
রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে আদতে কী সম্পর্ক অর্পিতার? অবশেষে জেলমুক্তির পর নিজে মুখে তাই স্বীকার করলেন পার্থ।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রাক্তন শিক্ষামন্ত্রী সাফ জানালেন, ‘সদর্পে বলছি। অর্পিতা আমার বান্ধবী। লোকের দুটি বউ থাকতে পারে, আর আমার একটা বান্ধবী থাকতে পারে না?’
নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা এবং সোনা-গয়না। এরপর সকলের মনে একটা প্রশ্নই উঁকি দেয় দু’জনের মধ্যে সম্পর্ক কী?
পার্থ আরও বলেন, ভুরি ভুরি টাকা, আমার থেকে, আমার বাড়ি থেকে তো পায়নি! বান্ধবী তার উত্তর দেবে। বান্ধবী তো আমার ও-ই। তাতে অসুবিধার কী আছে? আপনারা যদি শোভন-বৈশাখীকে দেখাতে পারেন, তা দেখাবেন? আর এখানে, দলে অনেককে খুঁজে পাবেন, সৌগতদাকে খুঁজে পাবেন, যারা যারা আছে, দিদিমণি তো খবর রাখেন না তা না! সিরিয়াল দেখেন, সিনেমা আর্টিস্টদের খবর রাখেন, তাদের ক’টা বদল হল আর ক’টা থাকল, তিনি খবর রাখেন না? সব রাখেন।’
