কলকাতা – ছ’বছর পর ইডেনে টেস্ট ক্রিকেট। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টের পর ২০২৫ সালে ইডেনে বসেছে টেস্টের আসর। টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া।
ম্যাচ শুরুর আগে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে তা হল ইডেনের পিচ। ব়্যাঙ্ক টার্নার হবে নাকি দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে বল ঘুরবে নাকি স্পোর্টিং উইকেট হবে তা নিয়ে চলছিল জল্পনা।
ম্যাচের প্রথম দিনেই সব জল্পনার অবসান ঘটিয়ে দিলেন জসপ্রীত বুমরা। টার্নিং উইকেট তো দূরের কথা, স্পিনারদের বেশি পরিশ্রমই করতে দিলেন না।
একাই পাঁচ উইকেট নিয়ে ধসিয়ে দিলেন ব্যালান্সড প্রোটিয়া লাইন আপকে। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা তুলেছে ১৫৯।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম উইকেট পড়তেও বেশি সময় লাগেনি। ৫৭ রানের মাথায় প্রথম উইকেট পড়ে প্রোটিয়াদের।
চোটের জন্য দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে নেই কাগিসো রাবাদা। যা প্রোটিয়াদের কাছে বড় ধাক্কা। এদিকে, চার স্পিনারে খেলছে ভারত। চার মাস পর টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ। রয়েছেন ধ্রুব জুরেলও।
ভারতের প্রথম একাদশ : যশস্বী জয়েসওয়াল, লোকেশ রাহুল, ওয়াশিংটন সুন্দর, শুভমান গিল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।
