প্রাথমিকের শিক্ষক নিয়োগ শুরু, কীভাবে আবেদন করবেন? কী কী নথি লাগবে? জেনে নিন

কলকাতা- প্রাথমিক শিক্ষক নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হল। বুধবার পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আজ দুপুর তিনটে থেকে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ৯ ডিসেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত।

প্রার্থীরা অনলাইনে https://wbbpe.wb.gov.in/-তে আবেদন করতে পারবেন। সেইসঙ্গে শূন্যপদের তালিকাও প্রকাশ করা হয়েছে। মোট ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগ করা হবে। সেজন্য জেলাভিত্তিক শূন্যপদের তালিকা প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে।

আবেদনের জন্য কোন কোন নথি লাগবে?

১) প্রাথমিক টেটের বৈধ রোল নম্বর এবং জন্মতারিখ।

২) সাম্প্রতিক পাসপোর্ট আকারের রঙিন স্ক্যান করা ছবি, যা আবেদনকারী লিখিত পরীক্ষার সময় সঙ্গে নিয়ে যাবেন।

৩) স্বাক্ষরের স্ক্যান কপি।

৪) প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির নির্দেশিকা অনুযায়ী আপনার প্রশিক্ষণ যোগ্যতার স্ক্যান করা চিত্র (যেমন চূড়ান্ত মার্কশিট)।

৫) বয়সের প্রমাণের স্ক্যান করা চিত্র (জন্ম শংসাপত্র বা দশম শ্রেণির অ্যাডমিট কার্ড)।

৬) ছাড়/বিশেষ সুবিধার শংসাপত্রের স্ক্যান করা চিত্র (যদি প্রযোজ্য হয়)।

৭) আধার কার্ডের স্ক্যান করা চিত্র (সামনের দিক এবং পিছনের দিক আলাদাভাবে)।

৮) আবেদনকারীর অবশ্যই একটি নিজস্ব বৈধ ইমেল আইডি থাকতে হবে, যা অনন্য এবং এই পরীক্ষার অন্য কোনো আবেদনের জন্য ব্যবহার করা হয়নি।

৯) আবেদনকারীর অবশ্যই একটি নিজস্ব বৈধ মোবাইল নম্বর থাকতে হবে, যা অনন্য এবং এই পরীক্ষার অন্য কোনো আবেদনের জন্য ব্যবহার করা হয়নি।

প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কীভাবে অনলাইনে আবেদন করতে হবে?

১) পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের https://wbbpe.wb.gov.in/-তে যেতে হবে।

২) হোমপেজের উপরের দিকে ‘Important Links’-এ যেতে হবে। সেখানে আছে ‘Important Links of West Bengal Board of Primary Education’। নীচেই দেখতে পাবেন ‘Application for Assistant Teachers in Primary Schools, 2025’। তাতে ক্লিক করতে হবে।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। ‘PRIMARY TEACHER RECRUITMENT 2025’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৪) আরও একটি নয়া পেজ খুলে যাবে। ‘Application for PRIMARY TEACHER RECRUITMENT 2025’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৫) নয়া পেজ খুলে যাবে। নিজের রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে ভেরিফাই করতে হবে। তারপর যাচাই করতে হবে ইমেল আইডি এবং মোবাইল নম্বর।

৬) প্রার্থীর কোনও তথ্যে ভুল থাকলে ‘Edit’ অপশন ক্লিক করতে হবে।

৭) প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। ক্লিক করতে হবে ‘Preview’ বাটনে।

৮) অ্যাপ্লিকেশন পর্যায়ে বাকি তথ্য দিতে হবে।

৯) নির্দিষ্ট মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে ওটিপি যাবে। সেটা ভ্যালিডেট করতে হবে।

১০) ‘FINAL SUBMIT’-তে ক্লিক করতে হবে। তারপর টাকা জমা দেওয়ার অপশন পাবেন।

১১) পেমেন্ট গেটওয়ে থেকে টাকা জমা দিতে হবে। তারপর নথিভুক্ত ইমেল আইডি এবং ফোন নম্বরে রেজিস্ট্রেশন নম্বর পেয়ে যাবে।

১২) পোর্টালে অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাবেন। সেটা ডাউনলোড করে রাখতে পারেন, যাতে প্রিন্ট করে নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *