কলকাতা- বিএলও’দের দুর্দশায় উদ্বেগ প্রকাশ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, নির্দিষ্ট সময়ের মধ্যে এমন গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া শেষ করা সম্ভব নয়। ভুলভ্রান্তির সম্ভাবনা থাকবে। সাধারণ মানুষ ভুক্তভোগী হবেন বলেও চিঠিতে উল্লেখ করেছেন তিনি।
একইসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনকে লেখা চিঠিতে সিইও দফতরকেও নিশানা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের সিইও-র ভূমিকা নিয়েও প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, নির্বাচন কমিশন মাঠের বাস্তব পরিস্থিতি দেখতে চাইছে না। মুখ্যমন্ত্রী লিখেছেন, এই পরিস্থিতিতে সাহায্য না করে কিংবা সময়সীমা না বাড়িয়ে কলকাতার সিইও দফতর ‘ভয়’ দেখাচ্ছে। বিএলওদের শোকজ করা হচ্ছে। এমনকী কড়া ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী
