SIR-এর আতঙ্ক! দেশে ফিরতে ভারত-বাংলাদেশ সীমান্তে ভিড় বাংলাদেশিদের

কলকাতা- ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) শুরু হতেই অনেকের দেশ থেকে বাংলাদেশে ফিরে যাওয়ার খবর সামনে আসছে।

ভারত-বাংলাদেশের বিভিন্ন সীমান্তে আনাগোনা বাড়ছে বাংলাদেশিদের। তার মধ্যে উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তও রয়েছে।

জানা গিয়েছে, শ’য়ে-শ’য়ে মানুষ সীমান্ত পেরিয়ে বাংলাদেশের দিকে যেতে শুরু করেছেন। তারা দীর্ঘদিন অবৈধভাবে এদেশে ঢুকে বিভিন্ন এলাকায় থাকছিলেন। বিভিন্ন নথিপত্রও বানিয়ে নিয়েছিলেন অনেকে।

খবর করতে গিয়ে বৃহস্পতিবার সংবাদমাধ্যমের কয়েকজন কর্মীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এনিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

হাকিমপুর সীমান্ত দিয়ে এদেশ থেকে বাংলাদেশে ফিরছেন অনেকে। গত প্রায় দু’সপ্তাহেরও বেশি সময় ধরে সংখ্যাটা আরও বেড়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে প্রায় ২০০ জন বাংলাদেশি জড়ো হয়েছিলেন হাকিমপুর সীমান্তের কাছে। অপেক্ষা ছিল সীমান্তের দরজা খোলার। স্থানীয়দের দাবি, একটি নির্দিষ্ট পদ্ধতি মেনে হাকিমপুর চেকপোস্ট দিয়ে অনুপ্রবেশকারীদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। গত কয়েকদিন ধরেই শান্তিপূর্ণভাবে এই কাজ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *