কলকাতা – ইতিহাস লিখে ফিরেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। আর তারপরই শোনা গিয়েছিল বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভারতীয় ক্রিকেটের কুইন স্মৃতি মান্ধানা। পাত্র দীর্ঘদিনের প্রেমিক মিউজিক কম্পোজার পলাশ মুচ্ছল।
একদিন আগেই স্মৃতি নিজের এনগেজমেন্ট রিং হাসিমুখে সকলের সামনে তুলে ধরেন। সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, ডিওয়াই পাটিল স্টেডিয়ামে স্মৃতি-পলাশ আংটি বদল করেছেন। আর শুক্রবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁদের গায়ে হলুদের ছবি ও ভিডিও। সেখানে ভীষণ মজা করতে দেখা গিয়েছে ভারতের একাধিক মহিলা ক্রিকেটারকে।
জীবনের নয়া ইনিংস শুরুর আগে হবু দম্পতিকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি বিশেষ বার্তায় স্মৃতি এবং পলাশের পাশাপাশি দুই পরিবারকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ‘একে অপরের প্রতি ভালোবাসা এবং বিশ্বাসের ভিত্তিতে স্মৃতি মান্ধানা এবং পলাশ মুচ্ছল নতুন জীবন শুরু করতে চলেছেন। আশা করব, চিরকাল একে অপরের পাশে থাকবেন। ভালোবাসার সঙ্গে যাবতীয় দায়িত্ব গ্রহণ করবেন। একে অপরের শক্তি এবং দুর্বলতাকে পাথেয় করেই জীবনে এগিয়ে যাবেন।’
