কলকাতা- অনেক অপেক্ষার পর কিছুটা পারদ পড়তে চলেছে পশ্চিমবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিনে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াসের মতো কমে যাবে। যদিও সেই স্বস্তি বেশিদিন স্থায়ী হবে না। কারণ বুধবার থেকে ফের পারদ চড়বে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। বুধবার থেকে শুক্রবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রির মতো বৃদ্ধি পাবে। তারইমধ্যে সাগরে একটি ‘সিস্টেম’ তৈরি হলেও আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস।
রবিবারের সুস্পষ্ট নিম্নচাপ আজ সকালে মালয়েশিয়া এবং সংলগ্ন মালাক্কা প্রণালীর উপরে অবস্থান করছে। যা আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণ আন্দামান সাগরের গভীর নিম্নচাপে পরিণত হবে। তারপর অগ্রসর হবে আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে।
ঘূর্ণিঝড়ের অভিমুখ কী হবে, তা এখনও স্পষ্ট নয়। একইভাবে গতিবেগ কত থাকবে, তা এখনই বলা যাবে না। আবহবিদদের মতে, সাগরে থাকার সময় সম্ভাব্য ঘূর্ণিঝড়ের শক্তি বেশ বাড়তে পারে। মঙ্গলবার বা বুধবার নাগাদ মোটামুটি ঘূর্ণিঝড়ের সম্ভাব্য অভিমুখ এবং গতিবেগ নিয়ে আরও কিছুটা ধারণা স্পষ্ট হবে।
আগামী সপ্তাহের রবিবার (৩০ নভেম্বর) পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার (কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে। একইভাবে নভেম্বরের শেষদিন পর্যন্ত উত্তরবঙ্গের কোনও জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) বৃষ্টি হবে না।
