ইডেনের পর রাঁচি! আবার এক বাঙালি ভক্ত মাঠে ঢুতে পা ছুঁল বিরাট কোহলির, আটক করল পুলিশ

কলকাতা- ইডেনের পর রাঁচি। জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে ঢুকে পড়লেন এক ভক্ত।

শতরানের পর বিরাট তখন সেলিব্রেশন করছেন। সেই সময় ওই ভক্ত মাঠে সোজা নতজানু হয়ে পড়লেন কোহলির পায়ে। তাঁকে প্রণাম করলেন। নিরাপত্তারক্ষীরা যখন তাঁকে টেনে হিঁচড়ে নিয়ে মাঠের বাইরে নিয়ে যাচ্ছেন তখন ওই তরুণের চোখে-মুখে এক অনাবিল আনন্দ। ঘটনাচক্রে এই তরুণও বাঙালি।

মাঠে ঢুকে পড়া ওই তরুণের নাম সৌভিক মুর্মু। তিনি হুগলির আরামবাগের বাসিন্দা। রবিবার রাঁচিতে ম্যাচ চলাকালীন নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হঠাৎই মাঠে ঢুকে পড়েন তিনি।

সোজা দৌড়ে পৌঁছে যান বিরাট কোহলির কাছে এবং তাঁর পায়ে নতজানু হয়ে প্রণাম করেন। নিরাপত্তা ভেঙে এমন ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মাঠে।

জানা গিয়েছে, সৌভিকের বাড়ি আরামবাগের কাবুলের মধুপুর আদিবাসী পাড়ায়। পরিবার–পরিজনের দাবি, ছেলেটি দীর্ঘদিন ধরেই বিরাট কোহলির দারুণ ভক্ত।

গত আইপিএলে আরামবাগ থেকে সাইকেল চেপে তিনি বেঙ্গালুরু গিয়েছিলেন কোহলির সঙ্গে দেখা করার আশায়। তবে সেবার ভাগ্য সঙ্গ দেয়নি।

এবার তাই ভারতের ম্যাচ চলাকালীন মাঠেই ঢুকে পড়েন সৌভিক। কোহলির পায়ে মাথা ছুঁয়ে আশীর্বাদ নেন। অবশ্য, ঘটনার সঙ্গে সঙ্গেই মাঠে থাকা নিরাপত্তা কর্মীরা সৌভিককে আটক করে রাঁচি পুলিশের হাতে তুলে দেন।

এখনও পর্যন্ত তিনি পুলিশের হেফাজতেই আছেন বলে জানা গিয়েছে। কিন্তু ম্যাচের মাঝে এমন ঘটনা ঘটায় ফের প্রশ্ন উঠেছে স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *