বাংলার ২২০৮ বুথে মৃত ভোটার নেই একজনও! দক্ষিণ ২৪ পরগনার অবস্থা দেখেই বড় নির্দেশ কমিশনের

কলকাতা- এসআইআরের মাধ্যমেই নির্বাচন কমিশনের স্ক্যানারে পশ্চিমবঙ্গের ২,২০৮টি বুথ। কারণ ওই ২,২০৮টি বুথে যতগুলি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছিল, তার সবগুলিই পূরণ হয়ে ফিরে এসেছে বলে কমিশন সূত্রে খবর।

এর অর্থ হল, ওই ২,২০৮টি বুথে একজন ভোটারেরও মৃত্যু হয়নি। নেই একজনও ভুয়ো ভোটার। এমন একজনও ভোটার নেই, যাঁর হদিশ মিলছে না। যা আদৌও সম্ভব কিনা, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

এমন পরিস্থিতিতে কমিশনের তরফে প্রতিটি জেলায় নয়া নির্দেশিকা পাঠানো হয়েছে। কমিশনের তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, যে বুথগুলিতে ফেরত না আসা ফর্মের সংখ্যা শূন্য থেকে ২০-র মধ্যে আছে, সেখানে বাড়তি নজরদারি চালাতে হবে।

এমনিতে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা ৭৮,০০০-র মতো। কমিশন সূত্রে খবর, যে বুথগুলিতে মৃত ভোটারের সংখ্যা শূন্য, সেই তালিকার শীর্ষে আছে দক্ষিণ ২৪ পরগনা।

ওই জেলার ৭৬০টি বুথে প্রত্যেক ভোটার জীবিত আছেন। তারপর তালিকায় আছে পুরুলিয়া (২২৮) এবং মুর্শিদাবাদ (২২৬)। হাওড়ায় সেরকম বুথের সংখ্যা ৯৪। কলকাতায় একটি বুথে এরকম ঘটনা ঘটেছে।

কমিশনের এক আধিকারিক বলেছেন, ‘ওই জেলাগুলি এবং ওই এলাকাগুলির আধিকারিকদের থেকে আমরা রিপোর্ট চেয়েছি। মৃত ভোটার না থাকার পাশাপাশি ওই বুথগুলিতে কোনও ভুয়ো ভোটার নেই। একইভাবে এমন কোনও ভোটার নেই, যাঁর হদিশ পাওয়া যাচ্ছে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *