বিরাট কোহলি, রুতুরাজের সেঞ্চুরি জলে! রায়পুরে জঘন্য ফিল্ডিংয়ের খেসারত দিল ভারত, ৩৫৮ রান তাড়া করে জিতল প্রোটিয়ারা

কলকাতা – জঘন্য ফিল্ডিংয়ের খেসারত দিতে হল ভারতকে। রায়পুরে দ্বিতীয় ওডিআই জিতল দক্ষিণ আফ্রিকা।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করে টিম ইন্ডিয়া করে ৩৫৮ রান। পাহাড় প্রমাণ রান তুলেও জয়ের মুখ দেখতে পারলেন রাহুলরা। বিফলে গেল কোহলি-রুতুরাজের জোড়া সেঞ্চুরি।

মার্করাম, ব্রেভিস, ব্রিৎজকেরা দুর্দান্ত ইনিংস খেলে সহজেই প্রোটিয়ারা পৌঁছে গেলেন জয়ের লক্ষ্যে। ৩ ম্যাচের সিরিজ এখন সমতায়। শনিবার বিশাখাপত্তনমে হবে সিরিজের ফয়সালা।

ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারের মধ্যেই আউট হয়ে যান দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। তারপর ভারতীয় ইনিংসের হাল ধরেন কোহলি ও রুতুরাজ। দুজনেই এদিন সেঞ্চুরি করেন। ১৯৫ রানের জুটি গড়েন দু’জনে।

এদিন আন্তর্জাতিক  কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন রুতুরাজ। ৮৩ বলে ১০৫ রানে শেষ হয়ে যায় তাঁর ইনিংস। আন্তর্জাতিক ক্রিকেটের ৮৪তম সেঞ্চুরিটি করে ফেলেন বিরাট কোহলিও। ৯৩ বলে তাঁর সংগ্রহ ১০২ রান।

অধিনায়ক রাহুল পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে ৩৩ বলে হাফসেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থাকেন রাহুল। নিজের ভুলে রান আউট হন ওয়াশিংটন সুন্দর (১)। রবীন্দ্র জাদেজা ২৭ বল খেলে মাত্র ২৪ রান করেন।

জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানে প্রথম উইকেটের পতন হয় দক্ষিণ আফ্রিকার। অধিনায়ক বাভুমা ৪৬ রানে আউট হলেও অন্যদিকে ভারতীয় বোলারদের নিয়ে ছেলেখেলা শুরু করেন মার্করাম। মাত্র ৯৮ বলে ১১০ রান করেন তিনি।

এডেন মার্করাম, টেম্বা বাভুমা, ম্যাথু ব্রিৎজকে, ব্রেভিসদের ব্যাটে হাসতে হাসতে চার বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় প্রোটিয়ারা। ৩৫৮ রান তাড়া করে ৪ উইকেটে জিতল দক্ষিণ আফ্রিকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *