কলকাতা- বছর শেষে সুখবর। ঋণের চাপ থেকে মধ্যবিত্তদের রেহাই দিতে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.২৫ শতাংশে নামাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বুধবার থেকে শুরু হয়েছিল আরবিআই-এর মানিটারি পলিসি কমিটির বৈঠক। সেই বৈঠকের পর ৫ ডিসেম্বর, শুক্রবার রেপো রেট কমানোর ঘোষণা করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। এর জেরে রেপো রেট ৫.৫০ শতাংশ থেকে কমে হল ৫.২৫ শতাংশ। ফলে এখন গৃহঋণ, গাড়ি ঋণ এবং ব্যক্তিগত ঋণের ইএমআই আরও কমবে, অর্থাৎ লোন নেওয়া সস্তা হবে।
দু’মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটি। গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে তিন দিন ধরে কমিটির বৈঠক হয়েছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রেট কমানো হবে। কারণ টাকার দাম পড়লেও কমেছে মুদ্রাস্ফীতির হার। সে কথা মাথায় রেখেই রেপো রেট কমিয়েছে আরবিআই। রেপো রেট কাটের ফলে বেশ খানিকটা কমবে হোন লোন-সহ একাধিক ঋণের মাসিক কিস্তি। কেউ মাসিক কিস্তি কমাতে না চাইলে কমবে তাঁর লোনের সময়কাল।
