২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ চূড়ান্ত, আর্জেন্টিনা-ব্রাজিল-পর্তুগাল কে, কার বিরুদ্ধে খেলবে? দেখে নিন

কলকাতা- চূড়ান্ত হল ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ সালের সব গ্রুপ। এই প্রথমবারের মতো ৪৮টি দলের টুর্নামেন্ট হতে চলেছে। এই আবহে চারটি দলের ১২টি গ্রুপ রয়েছে।

আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে এই বিশ্বকাপ। গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে তিনটি পট থেকে প্রথম তিনটি বল তোলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

হোস্ট মেক্সিকো ‘এ’ গ্রুপে, কানাডা ‘বি’ এবং যুক্তরাষ্ট্র ‘ডি’ গ্রুপে থাকবে, তা আগে থেকেই নির্ধারিত ছিল। এই ড্র-তে তুলনামূলক ভাবে সহজ ড্র পেয়েছে আর্জেন্টিনা।

রোনাল্ডোর পর্তুগালের গ্রুপও সহজ। এদিকে গ্রুপ পর্বে ফ্রান্সের এমবাপ্পে মুখোমুখি হবেন নরওয়ের হাল্যান্ডের সঙ্গে। একনজরে দেখে নিন কোন গ্রুপে কোন দল রয়েছে :

গ্রুপ এ : মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান প্লে-অফ ডি জয়ী দল

গ্রুপ বি : কানাডা, কাতার, সুইজারল্যান্ড, ইউরোপিয়ান প্লে-অফ এ জয়ী দল

গ্রুপ সি : ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড

গ্রুপ ডি : মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান প্লে-অফ সি জয়ী দল

গ্রুপ ই : জার্মানি, কুরাসাও, আইভরি কোস্ট, ইকুয়েডর

গ্রুপ এফ : নেদারল্যান্ডস, জাপান, তিউনিশিয়া, ইউরোপিয়ান প্লে-অফ বি জয়ী দল

গ্রুপ জি : বেলজিয়াম, মিশর, ইরান, নিউজিল্যান্ড

গ্রুপ এইচ : স্পেন, কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে

গ্রুপ আই : ফ্রান্স, সেনেগাল, নরওয়ে, ফিফা প্লে-অফ ২ জয়ী দল

গ্রুপ জে : আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান

গ্রুপ কে : পর্তুগাল, উজবেকিস্তান, কলম্বিয়া, ফিফা প্লে-অফ ১ জয়ী দল

গ্রুপ এল : ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।

এদিকে ইতালি যদি প্লে অফে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে, তা হলে তারা কানাডার গ্রুপে থাকবে। এই আবহে ইতালির বাকি দুই প্রতিদ্বন্দ্বী হতে পারে কাতার, সুইজারল্যান্ড।

গত দুই বিশ্বকাপে না খেলতে পারা ইতালির জন্য তাই নকআউট পর্বে যাওয়ার পথ খাতায় কলমে সহজ হওয়া উচিত।

গ্রুপ আই-তে ফ্রান্স এবং সেনেগাল মুখোমুখি হবে। ২০০২ সালের বিশ্বকাপের ম্যাচে ঐতিহাসিকভাবে ১-০ ব্যবধানে জিতেছিল সেনেগাল। সেই ম্যাচের পুনরাবৃত্তি হবে এই বিশ্বকাপে।

এদিকে ব্রাজিলের প্রথম ম্যাচ হবে মরোক্কোর বিরুদ্ধে। মরোক্কো গত বিশ্বকাপে সেমিফাইনালে ওঠা প্রথম আফ্রিকান দেশ ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *