উৎসবের মরশুমে বন্ধ হল দার্জিলিংয়ের বিখ্যাত গ্রেনারিজের বার! মালিক অজয় এডওয়ার্ডসের মারাত্মক অভিযোগ

কলকাতা- দার্জিলিংয়ের কিছু কিংবদন্তি পর্যায়ের জায়গাগুলির মধ্যে অন্যতম হল গ্লেনারিজ। তবে ১৮৮৫ সালে প্রতিষ্ঠিত এই রেস্তোরাঁর বার সেকশনটি বন্ধ হয়ে গেল ৩ মাসের জন্য। কিন্তু কেন?

দার্জিলিং বেঙ্গল এক্সাইজের ক্রাইম ব্রাঞ্চের তরফ থেকে জানা গিয়েছে, বেঙ্গল এক্সাইজ রুল লঙ্ঘনের অভিযোগে বন্ধ কর হল গ্লেনারিজের বার। গ্লেনারিজের বারের লাইসেন্স নাকি রিনিউ করানো হয়নি। ৯ ডিসেম্বর থেকেই কার্যকর হয়েছে এই নিষেধাজ্ঞা।

উল্লেখ্য, গ্লেনারিজ-এর তিনটি বিভাগ রয়েছে। বার, বেকারি এবং রেস্তোরাঁ। এর মধ্যে শুধু বার বন্ধ হয়েছে। কর্ণধার অজয় এডওয়ার্ডসে অভিযোগ, গোর্খাল্যান্ড সেতু বানিয়েছিলেন বলেই রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্লেনারিজের বার বন্ধ করে দেওয়া হয়েছে।

অজয় দাবি করেন, তাঁর বারে লাইভ মিউজিকের অনুমতিপত্র এক বছর ধরে বন্ধ। তিনি সেই অনুমতিপত্র নাকি পুলিশের কাছে পাঠিয়েছিলেন। পুলিশের সেই অনুমতিপত্র পাঠানোর কথা ছিল প্রশাসনের কাছে। তবে না হওয়ার জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

এদিকে পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবি পাহাড়বাসী ও আঞ্চলিক রাজনৈতিক দলগুলির দীর্ঘদিনের। সেই দাবি পুনরায় তুলে ধরতে দার্জিলিংয়ের পোখরিয়াবং ব্লকের টুংসুংখোলায় বালাসন নদীর উপর ১৪০ ফুট দীর্ঘ সেতু নির্মাণ করে চমক দিয়েছেন হাম্রো পার্টির প্রতিষ্ঠাতা তথা গ্লেনারিজের মালিক অজয় এডওয়ার্ডস। অভিযোগ, এই সেতু নির্মাণের আগে প্রশাসনের কোনও অনুমতি নেওয়া হয়নি।

ওই সেতু টুংসুং চা বাগানের সঙ্গে ধোতরে ভ্যালির মধ্যে যোগাযোগ সাধন করবে। অজয় এডওয়ার্ডস নিজে ওই সেতু নির্মাণের জন্য সিমেন্ট ও রড সরবরাহ করেছেন। গত রবিবার সেতুর উদ্বোধন করেন অজয় এডওয়ার্ডস নিজে। আর এখন অজয়ের অভিযোগ, সেই সেতু তৈরির জন্যেই তাঁর রেস্তোরাঁর বার বন্ধ করে দেওয়া হল উৎসবের মরশুমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *