‘এসআইআরের বিরোধিতা করলে বাংলায় সাফ হয়ে যাবে’, বিরাট হুঁশিয়ারি অমিত শাহের!

কলকাতা- এসআইআরের বিরোধিতা করলে পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ুতে সাফ হয়ে যেতে হবে। হুংকার দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার লোকসভায় শাহ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) পক্ষে সওয়াল করেন।

তিনি দাবি করেন, দেশের প্রকৃত নাগরিকরাই যাতে ভোট দেন এবং লোকসভা বা বিধানসভার সদস্য বেছে নেন, সেটার জন্যই ভোটার তালিকায় সংশোধন করা হয়। আর প্রথমবার এসআইআর হচ্ছে না। অতীতে একাধিকবার হয়েছে। আর সেই রেশ ধরে তিনি বলেন, ‘আমি এখনও বলতে চাই, এসআইআরের বিরোধিতা করলে তো বিহারের মতো বাংলা এবং তামিলনাড়ুতেও সাফ হয়ে যাবে।’

শাহ দাবি করেন, ‘ভোটচুরির’ যে অভিযোগ তোলা হচ্ছে, সেরকম কোনও বিষয়ই নেই। বিজেপি জিতছে, কারণ বিজেপি কাজ করেছে। তাঁর কথায়, ‘আপনারা সার্জিক্যাল স্ট্রাইকের বিরোধিতা করেছেন, তাই আমরা জিতেছি। আপনারা এয়ার স্ট্রাইকের বিরোধিতা করেছেন, সেজন্য আমরা জিতেছি। আপনারা সংবিধানের ৩৭০ ধারা রদের বিরোধিতা করেছেন, সেজন্য আমরা জিতেছি।’

সেইসঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা রাম মন্দির তৈরি করার বিরোধিতা করেছেন, সেজন্য আমরা জিতেছি। আপনারা অনুপ্রবেশকারীদের হটানোর বিরোধিতা করেছেন, সেজন্য আমরা জিতেছি। আপনারা নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করেছেন, সেজন্য আমরা জিতেছি। আপনারা তিন তালাক সরানোর বিরোধিতা করেছেন, সেজন্য আমরা জিতেছি। আর এখন আপনারা এক দেশ, এক নির্বাচনের বিরোধিতা করছেন, তাই আমরা ফের জিতব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *