লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ সৌরভের, আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের কর্তার বিরুদ্ধে নালিশ মহারাজের

কলকাতা- যুবভারতীকাণ্ডে এক ফ্যান ক্লাব কর্তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

মেসির কলকাতায় আসার দিন যুবভারতীতে প্রাক্তন সৌরভকে দেখা না গেলেও তাঁকে নিয়ে সামাজিক মাধ্যমে নানা কুৎসা ছড়ানো হয়েছে। সেগুলো নিয়ে তিনি ভীষণ ক্ষুব্ধ।

বিদ্বেষপূর্ণ, আপত্তিকর এবং মানহানিকর মন্তব্য করেছেন আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান ক্লাব কর্তা উত্তম সাহা। তাঁর এই আপত্তিকর মন্তব্যকে কেন্দ্র করেই থানায় অভিযোগ দায়ের বাংলার ‘মহারাজ’-এর।

বৃহস্পতিবার ই-মেল করে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেন সৌরভ। অভিযোগপত্রে উত্তম সাহার কথা উল্লেখ করেছেন তিনি।

অভিযোগ, ওই ব্যক্তি প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করছেন। উত্তম কলকাতার ‘আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব’-এর সভাপতি। অভিযোগপত্রে সৌরভ লিখেছেন, ওই ব্যক্তি জেনেশুনে তাঁর বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর এবং মানহানিকর মন্তব্য করেছেন। প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ তুলেছেন, যার কোনও বাস্তব ভিত্তি নেই।

সৌরভের আরও সংযোজন, ক্রীড়াবিদ এবং ক্রীড়া প্রশাসক হিসাবে এক দশকের পেশাগত জীবনে তিনি দেশে এবং বিদেশে সুনাম অর্জন করেছেন। এই ধরনের অবাস্তব অভিযোগ তুলে তাঁর সেই সুনাম নষ্ট করার চেষ্টা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *