কলকাতা- মুর্শিদাবাদের ভরতপুরে তৃণমূল থেকে নিলম্বিত বিধায়ক হুমায়ুন কবীরের রাজনৈতিক ভবিষ্যৎ এবার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে!
সোমবার ঘটা করে নতুন রাজনৈতিক দল ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের ইঙ্গিত দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
দলত্যাগ বিরোধী আইনের জাঁতাকলে পড়ে হুমায়ুন কবীরের বিধায়ক পদ খারিজ হওয়ার সম্ভাবনাও প্রবল হচ্ছে।
মঙ্গলবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘শৃঙ্খলাভঙ্গের দায়ে তৃণমূল কংগ্রেস আগেই হুমায়ুন কবীরকে সাসপেন্ড করেছে। মুর্শিদাবাদে তিনি যে নতুন দল গঠনের ঘোষণা করেছেন, সেই বিষয়ে বিধানসভাকে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য দেননি। ফলে তাঁর বর্তমান রাজনৈতিক পরিচয় ঠিক কী, তা পরিষ্কার করতেই এই তলব।’
স্পিকার স্পষ্ট করে দিয়েছেন, ‘হুমায়ুনের বিরুদ্ধে যদি দলত্যাগ বিরোধী আইনে কোনও লিখিত অভিযোগ জমা পড়ে, তবে তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে।’
উল্লেখ্য, সোমবার মুর্শিদাবাদে একটি বিশাল জনসভা করে নিজের নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করেন হুমায়ুন কবীর। সেখানে দলের হলুদ-সবুজ-সাদা রঙের পতাকা উন্মোচন করার পাশাপাশি ইস্তেহারও প্রকাশ করেন তিনি। এমনকী বেশ কিছু আসনে নিজের দলের প্রার্থীদের নামও ঘোষণা করে চমক দেন।
