নতুন দল ঘোষণার পরই বিপাকে হুমায়ুন, ভিডিও ভাইরাল হতেই বালিগঞ্জের প্রার্থী বদল

কলকাতা- নতুন পার্টি গড়েই বিপাকে তৃণমূল থেকে বহিষ্কৃত ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।

‘জনতা উন্নয়ন পার্টি’ ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। দল ঘোষণার মাত্র ২৪ ঘণ্টার মাথায় বালিগঞ্জ কেন্দ্রের প্রার্থী তালিকা থেকে নিশা চট্টোপাধ্যায়ের নাম বাদ পড়া নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

এই সিদ্ধান্তের প্রতিবাদে মুখ খুলেছেন নিশা। তাঁর অভিযোগ, ‘কোনও সোশ্যাল মিডিয়া ভিডিওর কারণে নয়, বরং ধর্মীয় পরিচয়ের কারণেই আমাকে প্রার্থী পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়ার পর হুমায়ুন কবীর ঘোষণা করেছিলেন, তিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ১০০-র বেশি আসনে প্রার্থী দেবেন। সেই পরিকল্পনা অনুযায়ী, সোমবার তিনি ১০ জন প্রার্থীর একটি প্রাথমিক তালিকা প্রকাশ করেন।

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নিশা চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার সকালে হুমায়ুন কবীর আচমকা অবস্থান পরিবর্তন করেন।

হুমায়ুন সংবাদমাধ্যমকে জানান, নিশার কিছু বিতর্কিত ভিডিও প্রকাশ্যে আসায় তাঁকে দল থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলের এই ঘোষণায় ক্ষোভে ফেটে পড়েন নিশা চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন, ‘ভিডিওর বিষয়টি আসলে একটি অজুহাত। হুমায়ুন চাচা নিজেই আমাকে প্রার্থী হতে বলেছিলেন। এখন হঠাৎ ভিডিওর বাহানা দিয়ে আমাকে সামাজিকভাবে হেনস্তা করা হচ্ছে। আসল সত্য হল, আমি হিন্দু বলেই আমাকে বাদ দেওয়া হয়েছে। হুমায়ুন কবীরের দল যদি সত্যিই ‘সেকুলার’ বা ধর্মনিরপেক্ষ হত, তবে কি ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে বাদ দেওয়া সম্ভব ছিল?’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *