ঘরোয়া ক্রিকেটে রোহিত-বিরাটের তাণ্ডব! আগরকার, গম্ভীরকে যোগ্য জবাব দুই মহাতারকার

কলকাতা- ঘরোয়া ক্রিকেটে ফিরেই চেনা মেজাজে ধরা দিলেন বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার রোহিত শর্মা।

বুধবার জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে সিকিমের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে মাত্র ৬২ বলে বিধ্বংসী এক শতরান করলেন মুম্বইয়ের এই তারকা ক্রিকেটার।

দীর্ঘ আট বছর পর ভারতের এই ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতায় খেলতে নেমে শুরুতেই প্রতিপক্ষ বোলারদের খড়কুটোর মতো উড়িয়ে দিলেন তিনি।

সিকিমের দেওয়া ২৩৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক মেজাজে ছিলেন রোহিত। তাঁর শতরানের ইনিংসে ছিল ৮টি বিশাল ছক্কা এবং ৯টি চার।

লিস্ট-এ ক্রিকেটে রোহিতের ৩৭তম শতরান। শুধু তাই নয়, এটি তাঁর কেরিয়ারের দ্রুততম লিস্ট-এ সেঞ্চুরি। এর আগে ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৬৩ বলে শতরান করেছিলেন তিনি, আজ সেই রেকর্ড ভেঙে দিলেন ‘হিটম্যান’।

নজির গড়লেন বিরাট কোহলিও। ১৬ হাজার রানের মাইলফলক ছুঁলেন। দ্বিতীয় ভারতীয় হিসাবে সচিন তেন্ডুলকরের পরেই নিজের নামে আরও একটা মাইলস্টোন গড়লেন কিং কোহলি। ১০১ বলে ১৩১ রান করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *