কলকাতা – মাত্র ১৪ বছর বয়স তাঁর। কিন্তু তার ব্যাটের দাপটে থমকে গেছে বিশ্ব ক্রিকেট। বিহারের সেই বিস্ময় বালক বৈভব সূর্যবংশী এবার দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান—‘প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কারে ভূষিত হল।
ক্রীড়া ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বৈভবকে এই সম্মান দেওয়া হয়েছে। অনুষ্ঠান শেষে বৈভব সহ অন্যান্য পুরস্কার প্রাপকদের সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্প্রতি ঘরোয়া ক্রিকেটে বৈভবের পারফরম্যান্স সবাইকে চমকে দিয়েছে। বিহারের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে মাত্র ৮৪ বলে ১৯০ রানের একটি ইনিংস খেলেছিলেন তিনি। সেই ইনিংসে তিনি মাত্র ৩৬ বলে শতরান পূর্ণ করে লিস্ট-এ ক্রিকেটে বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হওয়ার গৌরব অর্জন করেন। তাঁর সেই ইনিংসে ছিল ১৬টি চার এবং ১৫টি ছক্কা।
ভারত সরকারের পক্ষ থেকে ৫ থেকে ১৮ বছর বয়সী শিশুদের অসাধারণ কৃতিত্বের জন্য প্রতি বছর এই সম্মান প্রদান করা হয়। যে সাতটি বিভাগে এই পুরস্কার দেওয়া হয় সেগুলি হল: ক্রীড়া, বীরত্ব , শিল্প ও সংস্কৃতি, পরিবেশ, উদ্ভাবন, বিজ্ঞান ও প্রযুক্তি, সমাজসেবা।
