কলকাতা- বছরের শেষ দিনেও জাঁকিয়ে শীত। আর তাতেই কাঁপছে তিলোত্তমা। চলতি মরসুমের শীতলতম দিন আজ, বুধবার।
কলকাতায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াসে, যা একদিনের মধ্যে প্রায় ১.৬ ডিগ্রি কমে গেছে এবং স্বাভাবিকের চেয়ে প্রায় ২.৮ ডিগ্রি নীচে। জবুথবু জেলার মানুষও। কুয়াশায় মুড়েছে পথঘাট। কমেছে দৃশ্যমানতা।
বুধবার সকালে শহরতলির রাস্তা ও পথঘাট ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল। এই কুয়াশা শহরের যাতায়াতেও সমস্যা সৃষ্টি করছে। ডিসেম্বরের শেষ কয়েকটা দিন শীতে জবুথবু কলকাতাবাসী।
তাপমাত্রা ঘোরাফেরা করেছে ১২-১৩ ডিগ্রির আশেপাশে। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াসের ওপর ওঠেনি, যা স্বাভাবিকের তুলনায় ৫.৮ ডিগ্রি কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে কমবেশি কুয়াশা থাকবে, তবে দুপুরের পর আকাশ পরিষ্কার হবে। এদিন কলকাতার তাপমাত্রা নামল ১১ ডিগ্রির ঘরে। মৌসম ভবন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ২০২১ সালে শেষবার ১১ ডিগ্রির ঘরে নেমেছিল শহরের পারদ।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়ার পথে কোনও বাধা না থাকার কারণে রাজ্যজুড়ে ঠান্ডা বাড়ছে। যদিও নতুন বছরে দক্ষিণবঙ্গের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে হাড় কাঁপানো ঠান্ডা কিছুটা রেহাই দেবে কি না তা নিশ্চিত নয়।
