কলকাতা- ‘এই তো দেখুন, ভূতেদের র্যাম্পে হাঁটাচ্ছি’। এসআইআরের তালিকায় ‘মৃত’ তিন জনকে বারুইপুরের মঞ্চে তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মঞ্চে হাঁটতে হাঁটতে কমিশনকে কটাক্ষ করে অভিষেকের বার্তা, ‘এই র্যাম্প করা হয়েছে ভূতেদের হাঁটার জন্য।’
লক্ষ্য বিধানসভা নির্বাচন ২০২৬। সেই লক্ষ্যে শুক্রবার থেকে জেলা সফর শুরু করলেন তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন তাঁর প্রথম কর্মসূচি বারুইপুরে। অভিষেকের সঙ্গে মঞ্চে এসআইআর-এর কারণে মৃতদের পরিবারও। র্যাম্পে হেঁটে ২০২৬-এর ভোটের প্রচার শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বলেন, ‘আমি কথা দিয়েছি, ২০২১-এর চেয়ে তৃণমূলের ভোট ২০২৬-এ বাড়বে। একটা হলেও আসন বাড়বে। আপনারা কথা দিন, সেই একটা আসন যেন এই জেলা থেকে হয়। ভাঙড়ও এ বার আমাদের জিততে হবে। যত পরিশ্রম দরকার, করতে হবে। সঙ্ঘবদ্ধ ভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন, আমি যাব।’
এরই সঙ্গে ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করার জন্য দক্ষিন ২৪ পরগনাকে কেন বেছে নেওয়া হয়েছে? সে প্রসঙ্গে অভিষেকের বক্তব্য, ‘আমরা কোনও শুভ কাজে গেলে, বড় কাজে গেলে মা-বাবার আশীর্বাদ নিতে হয়। কালীঘাট আমার জন্মভূমি, দক্ষিণ ২৪ পরগনা আমার কর্মভূমি। এই মাটিতে যেন আমার মৃত্যু হয়।’
