কলকাতা – এত টাকার প্রস্তাব পেয়েও এবছর আইপিএলে খেলা হবে না বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। নিলামে ৯ কোটি টাকারও বেশি দাম উঠেছিল মুস্তাফিজের। দলে নিয়েছিল কেকেআর।
দুই দেশের মধ্যে চলতি রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে মুস্তাফিজকে দল থেকে ছেড়ে দিতে বলল বিসিসিআই। আজ এই কথা জানিয়েছে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া।
এর আগে সিএসকে, দিল্লির মতো দলের হয়ে আইপিএল খেলেছেন মুস্তাফিজুর রহমান। এদিকে মুস্তাফিজের বদলে কেকেআরকে একজন বদলি খেলোয়াড় নেওয়ার অনুমতি দেবে বোর্ড।
উল্লেখ্য, আইপিএল মিনি নিলামে মোট ৬৩.৮৫ কোটি টাকা খরচ করেছিল কেকেআর। নিলামে ৯.২০ কোটিতে বাংলাদেশি পেসার মাস্তাফিজুর রহমানকে নিয়েছিল কেকেআর। বিসিবির তরফ থেকে ভারতে খেলতে আসার ছাড়পত্রও পেয়েছিলেন মুস্তাফিজ।
বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান অত্যাচারের আবহে কলকাতা নাইট রাইডার্সে মুস্তাফিজকে নেওয়ায় শাহরুখের বিরুদ্ধে তোপ দেগেছিলেন ডানপন্থীরা। এমনকী শাহরুখকে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা সঙ্গীত সোম। শুধু রাজনৈতিক নেতা নন, আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন ঠাকুরও মুস্তাফিজ ইস্যুতে শাহরুখকে তুলোধোনা করেছিলেন।
