মুস্তাফিজ আইপিএল থেকে বাদ! ক্ষোভে, বিস্ময়ে ফুঁসছে বাংলাদেশ! কী বললেন বিসিবি প্রধান, শুনে নিন

কলকাতা- বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ২০২৬-এ খেলার অনুমতি দিল না বিসিসিআই। এই সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার সরাসরি সংঘাতে জড়ালো ভারত ও বাংলাদেশের ক্রিকেট বোর্ড।

বিসিসিআই-এর পদক্ষেপে বিস্ময় প্রকাশ করে পাল্টা দায় চাপিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্যতম নীতি-নির্ধারক নাজমুল আবেদিন। বাংলাদেশের সংবাদপত্র ‘প্রথম আলো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন, এই গোটা প্রক্রিয়ায় বল আসলে ভারতীয় বোর্ডের কোর্টেই ছিল।

নাজমুল জানিয়েছেন, মুস্তাফিজুরকে আইপিএলে খেলার অনুমতি বা এনওসি (NOC) দেওয়ার জন্য খোদ ভারতীয় বোর্ডই বিসিবি-র কাছে আবেদন করেছিল। তাঁর দাবি, মুস্তাফিজুরকে ছাড়াই কেকেআর পরিকল্পনা সাজিয়েছিল এবং সেই মতোই নিলামে তাঁকে ৯ কোটি ২০ লক্ষ টাকায় কেনা হয়। এমনকী নিউজিল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একদিনের সিরিজ থাকা সত্ত্বেও আইপিএল-কে গুরুত্ব দিয়ে মুস্তাফিজুরকে ছাড়তে রাজি হয়েছিল বাংলাদেশ।

এখন বিসিসিআই-এর পক্ষ থেকে এমন নিষেধাজ্ঞা আসায় নাজমুল বিম্ময় প্রকাশ করে বলেছেন, “খবরটা দেখেছি, কিন্তু এখনও ভারতীয় বোর্ড আনুষ্ঠানিকভাবে আমাদের কিছু জানায়নি। জানানোর পর আমরা প্রতিক্রিয়া দেব।”

বিসিবি-র অভ্যন্তরীণ সূত্র মারফত খবর, আইপিএলে কারা খেলবেন বা কাকে অংশ নিতে দেওয়া হবে, সেটি সম্পূর্ণভাবে বিসিসিআই ও ভারত সরকারের এক্তিয়ারভুক্ত বিষয়। বর্তমানে দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় জনমতের যে প্রবল চাপ তৈরি হয়েছে, তাকে উপেক্ষা করা বিসিসিআই-এর পক্ষে সম্ভব হয়নি।

কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ মুস্তাফিজুরকে ডেথ ওভারের বিশেষজ্ঞ হিসেবে দলে নিয়েছিল। এবার বাংলাদেশ বোর্ড বিসিসিআই-এর কাছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আবেদন করতে পারে। তবে তাতে লাভ হবে না বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *