ফুঁসছে বাংলাদেশ! আইপিএল সম্প্রচার বন্ধ ওদেশে, বিশ্বকাপ খেলতেও আসবে না ভারতে!

কলকাতা- আইপিএলে কেকেআর থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্কে চিড়!

সরকারি আদেশে বাংলাদেশে আইপিএলের সমস্ত ধরণের সম্প্রচার ও প্রচারের ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে ইউনুস সরকার। একইসঙ্গে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এদিন বাংলাদেশ সরকারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিসিসিআই-এর প্রচ্ছন্ন নির্দেশে কোনও ‘কারণ’ ছাড়াই মুস্তাফিজুরকে ছেড়ে দিয়েছে কেকেআর। এই ঘটনায় বাংলাদেশের মানুষ মর্মাহত ও ক্ষুব্ধ। পরিস্থিতি বিবেচনা করে অবিলম্বে আইপিএলের সব ম্যাচ, ইভেন্ট কভারেজ ও প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

মুস্তাফিজুর ইস্যুতে শনিবার রাতে জরুরি বৈঠকের পর রবিবার বড় সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বোর্ড জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন। সরকারের পরামর্শ অনুযায়ী, আসন্ন আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারত সফরে যাবে না।

বিসিবি কর্তা খালেদ মাসুদ পাইলট কড়া ভাষায় বলেন, “ভারত যদি আমাদের একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে, তাহলে পুরো দলের নিরাপত্তা কীভাবে দেবে? সেই কারণেই আমরা সেখানে খেলতে যাচ্ছি না।”

বর্তমান সূচি অনুযায়ী, ভারতে বাংলাদেশের চারটি গুরুত্বপূর্ণ লিগ ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু বাংলাদেশের এই অনড় অবস্থানের ফলে গোটা বিশ্বকাপের আয়োজন নিয়েই বড়সড় অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখন ক্রিকেট বিশ্ব তাকিয়ে আছে আইসিসি-র (ICC) হস্তক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *