কলকাতা- দেশের হয়ে খেলেন, তাঁকেও নাগরিকত্বের প্রমাণ দিতে হবে!
মহম্মদ শামির ডাক পড়ল এসআইআর শুনানিতে। তবে বাংলার হয়ে খেলায় ব্যস্ত থাকায় আপাতত অংশ নিতে পারলেন না বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর)-র শুনানিতে।
এসআইআর সংক্রান্ত শুনানিতে সোমবার তলব করা হয়েছিল ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামিকে। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ব্যস্ততার কারণে শহরে না থাকায় শুনানিতে হাজিরা দিতে পারেননি তিনি।
বর্তমানে বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে রাজকোটে রয়েছেন শামি। ৮ জানুয়ারি পর্যন্ত সেখানেই তাঁর খেলার কথা।
বাংলা পরবর্তী রাউন্ডে উঠলে ১২ জানুয়ারি থেকে ফের ব্যস্ত হয়ে পড়বেন তিনি। শামির পরিবারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, আপাতত খেলা নিয়ে ব্যস্ত থাকার কারণে তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়। তবে রাজকোট থেকে ফিরেই তিনি কমিশনের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করবেন।
কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার শামি। তাঁর বাসস্থান দক্ষিণ কলকাতার রাসবিহারী বিধানসভা এলাকায়।
স্থানীয় কাউন্সিলার মৌসুমী দাস জানিয়েছেন, ‘শামি রাজ্যের হয়ে খেলতে গিয়েছেন, তাই তাঁর এসআইআর সংক্রান্ত বিষয়ে সহযোগিতা করা আমাদের দায়িত্ব। আমরা সবরকমভাবে প্রস্তুত রয়েছি।’
কমিশন সূত্রে খবর, ৯ থেকে ১১ জানুয়ারির মধ্যে শামির হাতে সময় রয়েছে, যদি তিনি সেই সময়ের মধ্যে শহরে ফেরেন তবে শুনানি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ থাকবে।
