কলকাতা- নোবেলজয়ী অমর্ত্য সেনকে SIR শুনানির জন্য নোটিশ! গতকাল রামপুরহাটের সভায় এই বিস্ফোরক দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আরও অভিযোগ করেন, ভারতের নির্বাচন কমিশন বিশ্বকাপ ক্রিকেটার মহম্মদ শামিকেও নোটিশ পাঠিয়েছে।
এরই মধ্যে কমিশনের প্রতিনিধিরা বোলপুরে অমর্ত্য সেনের বাড়িতে গিয়ে নোটিশের হার্ড কপি দিয়ে এসেছেন বলে খবর।
গতকালের সমাবেশে ভাষণ দিতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি আগেও বলেছি, ওরা যত এসআইআর করুক বা যত ষড়যন্ত্রই করুক, আমরা গতবারের চেয়ে বেশি আসন জিতব।” তিনি বলেন, “সোমবার তারাপীঠে অনুব্রত মণ্ডল ২৩০ আসন আমরা পাব বলেছেন। আমি আরো ২০ আসন বাড়িয়ে দিলাম। ২৫০ আসন নিয়ে আমরা ফের ক্ষমতায় আসব।”
তিনি আরও বলেন, “বীরভূমে আসার পথে শুনলাম, এসআইআর-এর অধীনে নোবেলজয়ী অমর্ত্য সেনকে শুনানির নোটিশ পাঠানো হয়েছে, যিনি দেশকে গৌরব এনে দিয়েছেন, নোবেল পুরস্কার জিতে বিশ্বজুড়ে স্বীকৃতি অর্জন করেছেন। তাকে এসআইআর নোটিশ পাঠানো হয়েছে। মহম্মদ শামি, যিনি বিশ্ব ক্রিকেটে অবদান রেখেছেন, বিশ্বকাপে খেলেছেন এবং দেশের জন্য সম্মান বয়ে এনেছেন, তাকেও শুনানির নোটিশ পাঠানো হয়েছে। তাকেও এসআইআর নোটিশ পাঠানো হয়েছে। আহা, কী দুর্ভাগ্য, ভাবতে পারেন?”
