কলকাতা- আচমকাই রাজ্যের একাংশে শীত কার্যত গায়েব! আগামী এক সপ্তাহে পশ্চিমবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী এক সপ্তাহে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। তবে আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি কম থাকবে।
অর্থাৎ মকর সংক্রান্তি তথা পৌষের সংক্রান্তিতে একেবারে হাড়কাঁপানো শীত না থাকলেও ভালমতোই ঠান্ডা লাগবে বাংলায়। মাঘের শুরুতেও তাই হবে।
এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী রবিবার (১৮ জানুয়ারি) পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর. মালদা, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) আবহাওয়া শুষ্ক থাকবে।
