কলকাতা – এসআইআর শুনানিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকেই দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নিয়েছিল চাকুলিয়া। বিডিও অফিসে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের উপরেও হামলার অভিযোগ উত্তেজিত জনতার বিরুদ্ধে।
পুলিশ রিপোর্ট বলছে, এদিন সকাল আনুমানিক ৯টা নাগাদ স্থানীয় মানুষজন শুনানি নিয়ে বিডিও অফিসের আশেপাশের রাস্তায় অবরোধ শুরু করেন।
অগ্নিগর্ভ হয়ে উঠল গোটা এলাকা। বিক্ষোভে পুড়ে খাক বিডিও অফিস। ইসলামপুর ও পার্শ্ববর্তী সব থানায় জারি হল হাই অ্যালার্ট। এরই মধ্যে এবার চাকুলিয়া নিয়ে পুলিশ রিপোর্ট এল সিইও দফতরে।
ঝামেলার খবর পেয়ে চাকুলিয়া থানার আইসি বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন। সেই সময় কয়েকজন জোর করে বিডিও অফিস চত্বরে ঢোকার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। অভিযোগ, তখনই উত্তেজিত জনতা পুলিশের উপর চড়াও হয়।
ভিড়ের মধ্যে থাকা একাংশ, যাদের অধিকাংশই যুবক তাঁরাই হামলায় নেতৃত্ব দেয় বলে অভিযোগ। পুলিশের আটকানোর চেষ্টা করলেও উত্তেজিত জনতা বিডিও অফিসের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। অফিসের চেয়ার-টেবিল ও কম্পিউটার ভাঙচুর করা হয়। প্রচুর সরকারি নথিপত্রে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
