বাংলাদেশ কি সত্যি খেলবে না বিশ্বকাপ? বদলে তা হলে কোন দেশ? জেনে নিন আইসিসি-র ভাবনা

কলকাতা- আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬ ঘিরে বাংলাদেশের যোগদান নিয়ে ধোঁয়াশা জারি রয়েছে। বেশ কিছু রিপোর্টে জানা গিয়েছিল, সম্ভবত আইসিসির তরফে ২১ জানুয়ারির মধ্যে বিসিবিকে নিজের অবস্থান জানানোর ডেডলাইন দেওয়া হয়েছে।

এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়েছে, তাদের ম্যাচগুলি অন্যত্র স্থানান্তর করা হবে না, বাংলাদেশের গ্রুপও অন্য কোনও দলের সঙ্গে অদলবদল করা হবে না, এই আবহে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায়, তাহলে বিশ্বকাপ থেকেও তাদের ছেঁটে ফেলা হতে পারে।

এই আবহে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২১ জানুয়ারির ডেডলাইন সম্পর্কিত কোনও নির্দিষ্ট ডেডলাইন তারা পায়নি।

২১ জানুযারি তারিখটি ঘিরে যে ডেডলাইন প্রসঙ্গের কথা রিপোর্টে উঠে আসে, তা নিয়ে সোমবার বিসিবি অফিশিয়াল আমজাদ হোসেন বলেন,’ গত শনিবার ১৭ জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন এবং আমাদের ক্রিকেট বোর্ডের প্রতিনিধি দলের একটি বৈঠক হয়।’

তিনি বলছেন,’বিকল্প ভেন্যুর জন্য আমরা অনুরোধ করি, তাদের প্রতিনিধির সঙ্গে আমাদের বিস্তরিত আলোচনা হয়। ওঁরা তখন আমাদের বলেন, এই ব্যাপারগুলো তারা আইসিসিকে গিয়ে অবহিত করবে এবং পরবর্তীতে সিদ্ধান্ত আমাদের জানিয়ে দেবে।’ বিসিবি সাফ বলে,’এই ব্যাপারে নির্দিষ্ট কোন তারিখ বা করে নাগাদ জানাবেন এমন কিছু জানানি। শুধুমাত্র বলেছে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে, তা জানিয়ে দেবে।’

এর আগে, গত শনিবার আইসিসির সঙ্গে বিসিবির বৈঠক হয়। সেই বৈঠকে বিসিবির বক্তব্য শোনে আইসিসি। এর আগে, আইপিএল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজকে সরানো নিয়ে ক্ষোভে ফুঁসে ওঠে বাংলাদেশ।

তার পরই তারা সিদ্ধান্ত নেয় তারা ভারতে টি২০ বিশ্বকাপ খেলতে আসবে না। বাংলাদেশ নিরাপত্তার কারণ দেখিয়ে, জানায়, তারা টুর্নামেন্টের সহ আয়োজক শ্রীলঙ্কায় খেলতে রাজি। তার জন্য তারা আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাবও বৈঠকে দেয় বলে খবর।

এর পর আয়ারল্যান্ড জানিয়ে দেয়, তাদের সঙ্গে কারও গ্রুপ বদল হচ্ছে না বলে তারা জানে। ফলত, ধাক্কা খায় মহম্মদ ইউনুসের বাংলাদেশের ক্রিকেট বোর্ড। এরপর আসে ইএসপিএন ক্রিকইনফোর খবর, সেখানে দাবি করা হয়, ভারতে না খেলতে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ যেতে পারে, এমন সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়ার ডেডলাইন ২১ জানুয়ারি। এদিকে, এরই মাঝে নানান রিপোর্টে দাবি করা হয়, বাংলাদেশের পরিস্থিতি দেখে, তার পাশে দাঁড়িয়েছে পাকিস্তান।

টি২০ বিশ্বকাপ ২০২৬এ পাকিস্তানের খেলার বিষয়টি বিবেচিত হতে পারে বাংলাদেশের ক্রিকেট নিয়ে গতিবিধি কোনদিকে যাচ্ছে তার ওপর। এমনই দাবি করে রিপোর্ট। এদিকে, সন্ধ্যা নামতেই গাল্ফ নিউজ-র খবর বলছে, পাকিস্তান সম্ভবত টুর্নামেন্ট থেকে বেরিয়ে যাওয়ার পথে হাঁটছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *