ভোটার তালিকায় তথ্যের অসংগতি! শুনানি কেন্দ্রে হাজির তারকা পেসার মহম্মদ শামি

কলকাতা- মাঠের লড়াই ছেড়ে এবার প্রশাসনিক লড়াইয়ের ময়দানে ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি। ভোটার তালিকায় তথ্যের অসংগতি বা ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ সংক্রান্ত শুনানিতে অংশ নিতে মঙ্গলবার সকালে কলকাতার বিক্রমগড় এলাকার একটি শুনানি কেন্দ্রে হাজির হলেন তিনি।

দেশজুড়ে যখন ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা সংশোধনের প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক পারদ তুঙ্গে, ঠিক সেই সময়েই শামির এই উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিন সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বিক্রমগড় শুনানি কেন্দ্রে পৌঁছান শামি। জানা গেছে, তাঁর ভোটার কার্ড বা তালিকায় কিছু যান্ত্রিক বা তথ্যগত অসংগতি ধরা পড়েছিল, যা নিরসনের জন্যই নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁকে তলব করা হয়।

একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তিনি সশরীরে হাজির হয়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন এবং নির্ধারিত প্রক্রিয়ায় অংশ নেন। তারকা ক্রিকেটারকে হাতের নাগালে পেয়ে শুনানি কেন্দ্রের বাইরে সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই পশ্চিমবঙ্গে ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র নামে ভোটারদের হেনস্থা করার অভিযোগ তুলে সরব হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

এমনকী সোমবারই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, এই ধরণের শুনানিতে ভোটাররা চাইলে তাঁদের সঙ্গে বুথ স্তরের এজেন্ট বা বিএলএ-২দের নিয়ে যেতে পারবেন। ঠিক এই আবহেই শামির মতো একজন ভিআইপি ব্যক্তিত্বের শুনানি কেন্দ্রে আসা প্রমাণ করে যে, সাধারণ মানুষ থেকে তারকা—তালিকায় তথ্যের ভুল সংশোধন করতে কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না।

তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলেছিলেন যে, বেছে বেছে অসংগতির দোহাই দিয়ে ভোটারদের হয়রান করা হচ্ছে। যদিও নির্বাচন কমিশন জানিয়েছে, এটি একটি রুটিন প্রক্রিয়া যাতে ভোটার তালিকা ত্রুটিমুক্ত করা যায়। শামির শুনানি প্রক্রিয়ায় উপস্থিতি সেই প্রশাসনিক স্বচ্ছতার দিকেই ইঙ্গিত করছে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *