কলকাতা- সবে দায়িত্ব নিয়েছেন। এখনই বুঝিয়ে দিলেন, এবার টার্গেট বাংলা।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনই যে আপাতত বিজেপি-র অন্যতম টার্গেট, তার প্রমাণ, বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের পশ্চিমবঙ্গ সফর।
২৭ জানুয়ারি বাংলায় আসছেন নীতিন নবীন। সূত্রের খবর, বাংলায় নির্বাচনে দলের প্রস্তুতি খতিয়ে দেখার পাশাপাশি বঙ্গ বিজেপি-র শীর্ষ নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।
২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি পদের দায়িত্ব নিয়েছেন নীতিন নবীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের নয়া সভাপতি সম্পর্কে বলেন, ‘নিতিন নবীন আমারও বস।’
RSS-এর অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত নিতিন। নিতিনকে স্বাগত ভাষণেও পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারকে নাম না করে নিশানা করেন প্রধানমন্ত্রী। বলেন, ‘বিজেপিতে আমি একজন কার্যকর্তা। নিতিন নবীনই এখন আমার বস্। বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সভাপতি হওয়ার জন্য আমি নিতিনকে অভিনন্দন জানাই। আগামী কয়েক মাসের মধ্যে বিধানসভা ভোট হবে তামিলনাড়ু, অসম, পশ্চিমবঙ্গ, পুদুচেরী ও কেরলে। এই রাজ্যগুলির জনবিন্যাস নিয়ে বারবার চর্চা হয়েছে। সেটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। তবে আমার বিশ্বাস, বিজেপি কর্মীরা তাদের পরিশ্রমে পাঁচ রাজ্যেই সাফল্য আনবে।’
নয়া দায়িত্ব নিয়ে প্রথমেই বাংলা সফরে আসছেন নীতিন নবীন। জানা গিয়েছে, ২৭ ও ২৮ জানুয়ারি পশ্চিমবঙ্গে থাকবেন তিনি। যাবেন দুর্গাপুরে। শুধুমাত্র বঙ্গ বিজেপি-র নেতৃত্বের সঙ্গেই বৈঠক করবেন না তিনি। দেখা করবেন বিজেপি-র জেলা সংগঠনের নেতা-নেত্রীদের সঙ্গেও।
