কলকাতা- পূর্ব মেদিনীপুরের ময়নায় কয়েক হাজার মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ! তা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাই কোর্ট।
১৭ ফেব্রুয়ারির মধ্যে রাজ্যকে এই বিষয়ে জবাব দিতে হবে। রাজ্য সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা পাচ্ছেন না পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচার গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় ৭ হাজার মহিলা।
তাঁদের অভিযোগ, গত বছরের সেপ্টেম্বর মাস থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে।
বাকচার গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে। মহিলাদের অভিযোগ, শুধুমাত্র রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার কারণেই তাঁদের এই সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে।
জেলাশাসকের মাধ্যমে সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছনোর কথা থাকলেও দীর্ঘ ৫ মাস ধরে কোনো অর্থ সাহায্য না পাওয়ায় তাঁরা আদালতের দ্বারস্থ হন।
কেন ৭ হাজার মহিলার টাকা বন্ধ রাখা হয়েছে, তা জানতে চেয়ে রাজ্য সরকারের কাছে আগামী দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব করেছে আদালত।
