কলকাতা- বাংলার ভোটার তালিকা যাচাই বা এসআইআর প্রক্রিয়া নিয়ে বিতর্কে এবার নয়া মোড় এল।
শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়রানির অভিযোগের পাল্টা জবাবে সুপ্রিম কোর্টেহলফনামা দিয়ে বিস্ফোরক কিছু তথ্য পেশ করেছে জাতীয় নির্বাচন কমিশন।
কমিশনের দাবি, রাজ্যের বিভিন্ন জেলায় ভোটার তালিকায় এমন কিছু অসঙ্গতি ধরা পড়েছে যা কার্যত অবিশ্বাস্য।
কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বীরভূমের নানুর এলাকায় ৩৮৯ জন ভোটারের বাবার নাম একই। হলফনামায় প্রশ্ন তোলা হয়েছে, একজন মানুষের পক্ষে এত সংখ্যক সন্তানের পিতা হওয়া কি আদৌ সম্ভব?
শুধু বীরভূম নয়, মুর্শিদাবাদে ১৯৯ জন, আসানসোলে ১৭০ জন, দার্জিলিং জেলায় ১৫২ জন এবং জলপাইগুড়ির নাগরাকাটায় ১২০ জন ভোটারের ক্ষেত্রেও একই অভিভাবকের নাম পাওয়া গিয়েছে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, যাচাইয়ের নামে লক্ষাধিক মানুষকে নোটিস পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে এবং এর পেছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। এর জবাবে কমিশন জানিয়েছে, ভোটার তালিকার নির্ভরযোগ্যতা বজায় রাখতে এবং এমন অস্বাভাবিক তথ্যের রহস্য উদঘাটন করতেই এই ব্যাপক যাচাই প্রক্রিয়া বা এসআইআর চালানো হচ্ছে।
