কলকাতা- জল্পনা কি শেষমেশ তাহলে বাস্তবের রূপ নিচ্ছে! বুধবার কি সুপ্রিম কোর্টে আইনজীবীর ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?
এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে মমতার সওয়াল করার সম্ভাবনা নিয়ে এখন রাজ্য রাজনীতি তোলপাড়। মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এই জল্পনার আগুনে ঘি ঢেলেছে।
তৃণমূলের শেয়ার করা ওই ছবিতে দেখা যাচ্ছে, সাদা শাড়ি আর আইনজীবীর কালো কোট পরে সুপ্রিম কোর্টের সিঁড়ি দিয়ে উঠছেন এক মহিলা। ক্যাপশনে লেখা, ‘বিজেপির আছে মিথ্যে মামলার জাল, জনগণের উকিল হয়ে দিদিই সামলাচ্ছেন বাংলার হাল।’
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চে আজ এই মামলার শুনানি। তালিকায় তৃণমূল সাংসদদের মামলার পাশাপাশি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা পিটিশনটিও রয়েছে।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ক্লিয়ারেন্স ইতিমধ্যেই মিলেছে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় আইন পাস করেছেন এবং বার কাউন্সিলের সদস্যও ছিলেন।
