বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডারের টাকা! আজ রাজ্য বাজেটে কী কী থাকতে পারে? দেখে নিন এক নজরে

কলকাতা- আজ রাজ্য বাজেট পেশ হওয়ার দিন। সামাজিক সুরক্ষা প্রকল্পে জোর থেকে জনমোহিনী ঘোষণা- অতীতে যে স্ট্র্যাটেজিতে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের ময়দানে বাজিমাত করেছেন, এবারের বাজেটেও সেই ধারা অব্যাহত থাকতে পারে।

কয়েক সপ্তাহের মধ্যেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দেওয়া হবে। তার আগে বৃহস্পতিবার দুপুরে তৃতীয় মমতা সরকারের শেষ বাজেট পেশ করা হচ্ছে।

এটি অবশ্য পূর্ণাঙ্গ বাজেট নয়। বরং ভোট অন অ্যাকাউন্ট (অন্তর্বর্তীকালীন বাজেট) পেশ করা হবে। আর ভোটের দিকে জনমোহিনী প্রকল্পের উপরই মমতা সরকার সবথেকে বেশি জোর দেবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

ওই মহলের মতে, শিক্ষক নিয়োগ দুর্নীতি, নারী সুরক্ষার মতো বিষয়গুলি নিয়ে এমনিতেই চাপে আছে রাজ্য সরকার। তাতে প্রলেপ লাগানোর জন্য বড় কয়েকটি ঘোষণা করা হতে পারেও বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর সেইসব পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন বাজেটে কী কী ঘোষণা হতে পারে, তা দেখে নিন।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে লক্ষ্ণীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়েছিলেন মমতা। আপাতত জেনারেল ক্যাটেগরির মহিলারা মাসে ১,০০০ টাকা পান। আর তফসিলি জাতি ও তফসিলি উপজাতিভুক্ত মহিলাদের প্রতি মাসে ১,২০০ টাকা দেওয়া হয়।

সংশ্লিষ্ট মহলের ধারণা, মহিলাদের মন পেতে এবারের বাজেটে লক্ষ্মীর ভান্ডারের ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে। কেউ-কেউ সেই অর্থ নিয়ে উপহাস করলেও সমাজের একটি অংশের মহিলাদের কাছে লক্ষ্মীর ভান্ডারের গুরুত্ব অপরিসীম।

গত তিনবার বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল। বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের মাত্রা কিছুটা প্রশমিত করতে আবারও ডিএ বাড়ানোর ঘোষণা করা হতে পারে। রাজ্য সরকারি কর্মচারীরা আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৮ শতাংশ হারে ডিএ পাচ্ছেন।

আশাকর্মী, সিভিক ভলান্টিয়ার, গ্রিন পুলিশ এবং অস্থায়ী কর্মচারীদের বেতন বা ভাতা বাড়ানো হবে কিনা, সেদিকেও নজর আছে সংশ্লিষ্ট মহলের।

কর্মসংস্থান বৃদ্ধি এবং রাজ্যের পরিকাঠামো উন্নয়নের দিকেও বাড়তি নজর দেওয়া হতে পারে অন্তর্বর্তীকালীন বাজেটে।

ভোটের আগে চমক দিতে কোনও নয়া সামাজিক প্রকল্প ঘোষণা করারও সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *