কলকাতা- বসন্তের আগমন। তার মাঝেই ফের স্বমহিমায় ফিরছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ থেকে ফের রাজ্যে পারদ পতনের সম্ভাবনা তৈরি হয়েছে।
উত্তর ও দক্ষিণ— দুই বঙ্গেই সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। ফলে সপ্তাহান্তে রাজ্যবাসী ফের একবার শীতের চেনা আমেজ উপভোগ করতে পারবেন।
আবহবিদদের মতে, উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা শীতল হাওয়ার গতিবেগ বাড়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।
আগামী সাতদিন রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শনি ও রবিবার তাপমাত্রার পতন ঘটবে। তবে এই শীত খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না; সোমবার থেকে ফের ধীরে ধীরে পারদ চড়তে শুরু করবে বলে মনে করা হচ্ছে।
পাহাড়েও শীতের দাপট অব্যাহত। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৩.৮ ডিগ্রিতে নেমে যাওয়ায় সেখানে নতুন করে ঠান্ডার প্রকোপ বেড়েছে।
তিলোত্তমায় গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা ২ ডিগ্রির মতো কমতে পারে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে ভোরের দিকে হালকা শিশির ও কুয়াশা দেখা যেতে পারে।
