কলকাতা- ২০২৬ টি-২০ বিশ্বকাপে কি তাহলে ভারত বনাম পাকিস্তান ম্যাচ হবে না!
নজিরবিহীন সংকট বড় ম্যাচ ঘিরে। আইসিসি-র কড়া হুঁশিয়ারি সত্ত্বেও চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
অচলাবস্থা কাটাতে আইসিসি-র সামনে তিনটি চাঞ্চল্যকর শর্ত রেখেছে পাকিস্তান। লক্ষ্যণীয় বিষয় হলো, পিসিবি এই দাবিগুলি পেশ করেছে বিশ্বকাপ থেকে বাদ পড়া বাংলাদেশের স্বার্থে।
সূত্র মারফত জানা গিয়েছে, রবিবার লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তিনটি শর্ত দিয়েছেন।
প্রথমত, বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের অবদানের নিরিখে তাদের আর্থিক ক্ষতিপূরণ বা লভ্যাংশের পরিমাণ বৃদ্ধি করতে হবে। দ্বিতীয়ত, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও প্রস্তুতির খরচ বাবদ বাংলাদেশকে একটি নির্দিষ্ট ‘পার্টিসিপেশন ফি’ বা অংশগ্রহণ ফি দিতে হবে। তৃতীয়ত, বাংলাদেশের ক্রিকেট পরিকাঠামো ও অর্থনীতি চাঙ্গা করতে ভবিষ্যতে কোনো বড় আইসিসি ইভেন্ট আয়োজনের পূর্ণ স্বত্ব দিতে হবে তাদের।
নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের জাতীয় দলকে ভারতে পাঠাতে অস্বীকার করে। আইসিসি আশ্বস্ত করা সত্ত্বেও বিসিবি তাদের অবস্থানে অনড় থাকায় গত মাসে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে সুযোগ দেয় আইসিসি।
পাকিস্তান শুরু থেকেই এই ঘটনায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। পিসিবি-র দাবি, বাংলাদেশ যে কারণে ভারতে যেতে অস্বীকার করেছে, তাদের আপত্তির কারণও অনেকটা একই।
১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। পিসিবি-র ভেতরে একাংশ ম্যাচটি খেলার পক্ষে থাকলেও বোর্ড প্রধান মহসিন নাকভি আইসিসির দাবি মানতে নারাজ।
