কলকাতা- কলকাতার তাপমাত্রা গত দুদিনে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। ভরা বসন্তের প্রেমের মরশুমে ধীরে ধীরে শীত গুটিগুটি পায়ে ফিরে যাওয়ার মুখে!
আজ সোমবার থেকে ফের একবার তাপমাত্রা বেড়ে যাওয়ার ইঙ্গিত রয়েছে। মাঘে দুলকি চাল নিয়ে শীত একটু মাটি কামড়ে থাকলেও তা এবার উধাও হতে চলেছে।
আবহাওয়ার যা ভবাগতিক তাতে শীত আর ফেরার নয়, বরং বিদায়ের পথ নিতে শুরু করছে! সোমবার সকালের আকাশ পরিষ্কার থাকলেও তাপমাত্রা সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করতে পারে।
আলিপুর আবহাওয়া দফতর বলছে, আগামী সাতদিন তাপমাত্রা মোটের উপর শুষ্কই থাকতে চলেছে। আপাতত মাঘের বাংলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই ।
উল্লেখ্য, চলতি শীতকালে বৃষ্টি নামেনি! সাধারণত বৃষ্টি কম-বেশি হয়ে থাকে শীতকালে। এদিকে, বাংলায় শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে শীত এবারের মতো বিদায় নেবে। সপ্তাহান্তে অনেকটাই বাড়বে তাপমাত্রা।
ভ্যালেন্টাইন্স ডের সপ্তাহে শীত বিদায়ের পালা শুরু হতে চলেছে। জায়গা নিতে চলেছে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা! পূর্বাভাস বলছে, রাতের তাপমাত্রাও এবার ধীরে ধীরে বাড়তে পারে। আর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। এরই সঙ্গে পশ্চিমের জেলাগুলিতেও বাড়বে গরম।
