ভোট না দিলেই লক্ষ্মীর ভাণ্ডার, আবাসের টাকা বন্ধ! ভাঙড়ে শওকত মোল্লার দাবি ঘিরে রাজ্যজুড়ে হইচই

কলকাতা- লোকসভা নির্বাচনের আগে উত্তপ্ত ভাঙড়ের রাজনীতি। সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে বিতর্কের কেন্দ্রে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা।

তিনি দাবি করেন, যেসব অঞ্চলে তৃণমূল হারবে, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার বা আবাস যোজনার মতো সরকারি পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। এই মন্তব্যের পর শোরগোল রাজ্যজুড়ে।

রবিবার ভাঙড়ের প্রাণগঞ্জে একটি দলীয় প্রস্তুতি সভায় যোগ দিয়েছিলেন শওকত। সেখান থেকেই তিনি সুর চড়িয়ে দাবি করেন, ভাঙড়ের যে তিনটি অঞ্চলে তৃণমূল আইএসএফ-এর কাছে হেরেছে (চালতাবেড়িয়া, শানপুকুর ও পোলেরহাট-১), সেখানে ইতিমধ্যেই আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দেবেন আর তাঁকে নিয়ে সমালোচনা হবে? দাদার খাবে আর মামার গাইবে— এটা হবে না। বাপের ব্যাটা হলে সেই টাকা উদ্ধার করে নাও।”

সিএমআরও তালিকায় থাকা আইএসএফ কর্মীদেরও যাতে কোনো সরকারি সুবিধা না দেওয়া হয়, সেই মর্মে দলীয় কর্মীদের নির্দেশ দেন তিনি।

শওকতের এই মন্তব্যে শাসক দল তৃণমূলের ভেতরেই অস্বস্তি তৈরি হয়েছে। দলের রাজ্য মুখপাত্র তন্ময় ঘোষ স্পষ্ট জানান, “এটি দলের অবস্থান নয়, ওঁর ব্যক্তিগত মত। আলিপুরদুয়ার বা পূর্ব মেদিনীপুরের মতো যেসব জায়গায় আমরা হেরেছি, সেখানেও পরিষেবা সচল রয়েছে। ওঁর সঙ্গে দল কথা বলবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *