কলকাতা- বাংলায় বিধানসভা নির্বাচনের দামামা বাজতে আর কিছুটা সময়ের অপেক্ষা। এসআইআর প্রক্রিয়া শেষ পর্যায়ে পৌঁছাতেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা।
সূত্রের খবর, ২ মার্চ পশ্চিমবঙ্গের জন্য বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন। এবার বাংলায় তিন দফায় ভোট হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
প্রাথমিক আলোচনায় রাজ্য নির্বাচন কমিশন এক দফায় ভোট করানোর ইচ্ছা প্রকাশ করলেও বর্তমান পরিস্থিতির নিরিখে তিন দফায় ভোট হওয়ার খবর আসছে।
উত্তরবঙ্গের ৮টি জেলায় সম্ভবত এক দফাতেই ভোট গ্রহণ করা হবে। দক্ষিণবঙ্গের জন্য বরাদ্দ হতে পারে বাকি দুই দফা।
এর মধ্যে কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা, হুগলি ও নদিয়ায় ভোট হতে পারে একসঙ্গে। অন্য দফায় মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভোট হওয়ার কথা রয়েছে।
মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, কোচবিহার এবং দক্ষিণ ২৪ পরগনার ওপর বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন এবং স্পর্শকাতর বুথগুলোর নিরাপত্তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনার ও জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে।
