ভারত-পাক ম্যাচ নিয়ে মুখ খুললেন সৌরভ! বিশ্বকাপের চার সেমিফাইনালিস্ট কারা, করলেন ভবিষ্যদ্বাণী

কলকাতা- বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে এসে রবিবার ম্যাচ খেলবে পাকিস্তান। শেষ পর্যন্ত পিসিবির এই সিদ্ধান্তে খুশি সৌরভ গাঙ্গুলি।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সৌরভ বলেছেন, ‘বিশ্বকাপের বড় ম্যাচ। ১৫ ফেব্রুয়ারি ভারতকে হারানো সহজ হবে না পাকিস্তানের পক্ষে। ভারত শক্তিশালী দল।’

এবার বিশ্বকাপের শুরুটা একটু অন্যরকম হয়েছে। বড় দলগুলোকে বিপাকে ফেলছে মিনোসরা। ইংল্যান্ডকে প্রায় হারিয়ে দিয়েছিল নেপাল। অভিজ্ঞতার অভাবে শেষে মাত্র ৪ রানে হারে। পাকিস্তানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় নেদারল্যান্ডস।

সৌরভ বলেছেন, ‘টুর্নামেন্টের শুরুটা ভাল হয়েছে। এখনও পর্যন্ত কোনও দলকে বিশ্বকাপে বেমানান লাগেনি। সেটা নেদারল্যান্ড হোক, স্কটল্যান্ড বা নেপাল। ভারতীয় দলে অভিষেক শর্মা, যশপ্রীত বুমরা এবং ঈশান কিষাণ আমার পছন্দের।’ 

মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করেছে টিম ইন্ডিয়া। প্রথম ম্যাচে ২৯ রানে জেতে ভারত। ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়তে হয়। দলের মান বাঁচান সূর্যকুমার যাদব। ৪৯ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন।

ক্রিকেট মাঠে ভারত যে পাকিস্তানের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে সেটাও জানালেন তিনি। সেমিফাইনালে পাকিস্তানকে দেখছেন না সৌরভ। ভারত, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ড বা নিউজিল্যান্ডের মধ্যে কোনও একটি দল সেমিফাইনাল খেলবে বলে জানিয়েছেন মহারাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *