কলকাতা- প্রথম স্ত্রীর সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার অভিযোগে বিদ্ধ হয়েছিলেন বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়।
বিতর্কিত বিয়ে ও বধূ নির্যাতনের মামলায় এবার বড় স্বস্তি পেলেন তিনি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে হিরণ এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির আগাম জামিন মঞ্জুর হয়েছে।
জামিন পেলেও আদালত নির্দেশ দিয়েছে, প্রতি ১৫ দিন অন্তর তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে বিধায়ককে।
গত ডিসেম্বরে হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ের ছবি সমাজমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় অভিযোগ করেন যে, তাঁদের মধ্যে কোনও আইনি বিচ্ছেদ হয়নি।
১১ ডিসেম্বর ২০০০ সালে তাঁদের বিয়ে হয়েছিল এবং তাঁদের ১৯ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। এই অবস্থায় হিরণ ঋতিকা গিরি নামে এক তরুণীকে বিয়ে করায় হিন্দু ম্যারেজ অ্যাক্ট ১৯৫৫ অনুযায়ী তা দণ্ডনীয় অপরাধ বলে দাবি করেন তিনি।
অনিন্দিতা চট্টোপাধ্যায় এবং তাঁর মেয়ে নিয়াসা আনন্দপুর থানায় হিরণের বিরুদ্ধে বধূ নির্যাতন, শারীরিক ও মানসিক অত্যাচার এবং এক স্ত্রী জীবিত থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ের অভিযোগ দায়ের করেন।
পুলিশ সূত্রে খবর, বিধায়কের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছিল। বিয়ের খবর জানাজানি হওয়ার সময় চেন্নাইয়ে ছিলেন হিরণ। কলকাতায় ফিরেই গ্রেফতারি এড়াতে উচ্চ আদালতের দ্বারস্থ হন তিনি।
