ইউনুস জমানা শেষের পথে! বাংলাদেশে চলছে ভোটগ্রহণ,পদ্মাপাড়ের নির্বাচনে নজর ভারতের

কলকাতা- আজ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় ১৮ মাস পর এই নির্বাচন ঘিরে দেশজুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

বর্তমানে প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্বে রয়েছে। সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে ৮৪ দফা সংস্কার প্যাকেজ নিয়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ চলবে। দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোট হবে। এক প্রার্থীর মৃত্যুর কারণে একটি আসনে ভোট স্থগিত করা হয়েছে।

মোট ৫০টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিচ্ছে। ১,৭৫৫ জন প্রার্থী বিভিন্ন দলের হয়ে লড়ছেন এবং ২৭৩ জন নির্দল প্রার্থীও প্রতিদ্বন্দ্বিতা করছেন।নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রায় ৯ লক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

এবারের নির্বাচনে মূল লড়াই বিএনপি এবং তাদের প্রাক্তন মিত্র জামায়াতে ইসলামীর মধ্যে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি-ই এই নির্বাচনে এগিয়ে রয়েছে।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৬০ বছর বয়সি ছেলে তারেক রহমানকে ভোটের দৌড়ে অন্যতম ফ্রন্টরানার হিসেবে দেখা হচ্ছে।

দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর তিনি সম্প্রতি ঢাকায় ফিরে আসেন। নির্বাচনী প্রচারে তিনি কর্মসংস্থান সৃষ্টি, আইনশৃঙ্খলা রক্ষা এবং মতপ্রকাশের স্বাধীনতা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *