কর্তব্য পালনে আত্মবলিদান! বারাসতের হাসপাতালে মৃত্যু নিপা ভাইরাসে আক্রান্ত সেই নার্সের

কলকাতা- মারণ ভাইরাস নিপার বিরুদ্ধে দীর্ঘ দেড় মাসের মরণপণ লড়াই। শেষমেশ থামলেন পূর্ব বর্ধমানের কাটোয়ার মেয়ে।

বৃহস্পতিবার বিকেলে উত্তর ২৪ পরগনার বারাসতের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল ২৫ বছর বয়সি ওই ফিমেল নার্সের। তাঁর মৃত্যুতে চিকিৎসক মহল এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতেই রাজ্যে নিপা সংক্রমণের খবর মিলেছিল। আক্রান্ত হয়েছিলেন উত্তর ২৪ পরগনার একজন ব্রাদার নার্স ও এই ফিমেল নার্স।

ব্রাদার নার্স সুস্থ হয়ে জানুয়ারির শেষে বাড়ি ফিরলেও এই তরুণীর লড়াই ছিল বেশি কঠিন। জানুয়ারির শেষ দিকে ভেন্টিলেশন থেকে বের করা হলেও তিনি দীর্ঘ সময় কোমায় ছিলেন। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর অটোনোমিক নার্ভাস সিস্টেম ঠিকমতো কাজ করছিল না।

হাসপাতাল সূত্রে খবর, দীর্ঘ সময় ভেন্টিলেশনে এবং কোমায় থাকার কারণে তাঁর রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউনিটি) তলানিতে গিয়ে ঠেকেছিল। এর ওপর ফুসফুসে নতুন করে সংক্রমণ দেখা দেয়। এদিন দুপুরে তাঁর অবস্থার অবনতি ঘটে। বিকেল ৪টে ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *