বিদায়ের পথে শীত, ১৭ ফেব্রুয়ারি থেকে আবহাওয়ার মেগা পরিবর্তন! মন খারাপ করা খবর দিল আবহাওয়া দফতর

কলকাতা- এবার ক্রিজ ছেড়ে বিদায়ের পথে শীত। চলতি সপ্তাহের শেষে শীতের শেষ রেশটুকুও বাংলা থেকে পুরোপুরি মিলিয়ে যাবে বলে স্পষ্ট পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

ভোরের দিকে জেলাগুলিতে সামান্য শিরশিরানি থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কড়া রোদের তেজ জানান দিচ্ছে যে বসন্তের আমেজ কাটিয়ে রাজ্য এখন গরমের কবলে পড়তে চলেছে।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করলেও চলতি সপ্তাহের শেষ নাগাদ তা ১৯ ডিগ্রির গণ্ডি ছুঁতে পারে।

দিনের বেলা তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর সম্ভাবনা থাকায় উত্তরের জেলাগুলিতেও দুপুরের পর গরমের আমেজ স্পষ্ট হবে।

দক্ষিণবঙ্গে গরম বাড়বে। জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৭ ডিগ্রির আশেপাশে থাকবে। ফলে দিনের বেলা রোদের তীব্রতা বাড়বে।

আগামী ১৭ থেকে ২১ ফেব্রুয়ারির মধ্যে তাপমাত্রা ৩১ থেকে ৩২ ডিগ্রিতে পৌঁছে যাওয়ার পূর্বাভাস রয়েছে। ভোরের দিকে যে হালকা কুয়াশা বা শিশিরের আবেশ দেখা যাচ্ছে, তাও সকাল ৮টা থেকে ৯টার মধ্যেই রোদের তেজে বিলীন হয়ে যাচ্ছে।

অন্যদিকে, ভারত মহাসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ দানা বাঁধছে। যদিও এই নিম্নচাপের প্রভাবে বাংলায় বৃষ্টির সম্ভাবনা কতটা, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু জানায়নি মৌসম ভবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *