কলকাতা- এর আগে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বিতর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এবার রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ উপসর্গ বিয়ে দিলেন তিনি।প্রধানমন্ত্রীর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বাঙালির আবেগ ও সংস্কৃতির প্রতি এটি চরম অসংবেদনশীলতা।
বৃহস্পতিবার সকালে রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। হিন্দিতে লেখা সেই পোস্টে তিনি রামকৃষ্ণদেবের নামের আগে ‘স্বামী’ উপসর্গটি ব্যবহার করেন। তিনি লেখেন, ‘স্বামী রামকৃষ্ণ পরমহংসের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানাই।’ এরপরেই বিতর্ক দানা বাঁধে।
সোশ্যাল মিডিয়া পোস্টে মমতা কড়া ভাষায় লেখেন, “শ্রীরামকৃষ্ণকে সকলে ‘ঠাকুর’ বলে সম্বোধন করেন। তাঁর মৃত্যুর পর শিষ্যরা রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠা করেন। সেই সন্ন্যাসীদের ‘স্বামী’ বলা হয়, কিন্তু তাঁদের গুরু আজও ‘ঠাকুর’। আমাদের কাছে চিরকালই তাঁরা ‘ঠাকুর-মা-স্বামীজি’ হিসেবে বন্দিত।” এখানে ঠাকুর হলেন শ্রীরামকৃষ্ণ, মা হলেন সারদা দেবী এবং স্বামীজি হলেন বিবেকানন্দ।
মমতা আরও যোগ করেন, প্রধানমন্ত্রী বারবার বাংলার মহান মণীষীদের নাম ভুলভাবে উপস্থাপন করে সাংস্কৃতিক অসংবেদনশীলতার পরিচয় দিচ্ছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা, ‘বাঙালি মণীষীদের নামের সঙ্গে এমন নিত্যনতুন উপসর্গ ও প্রত্যয় যোগ করা বন্ধ করুন।’
